চুয়াডাঙ্গায় ৮ অবৈধ স্বর্ণের বারসহ আটক ১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সীপুর গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে আটটি অবৈধ স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য এক কোটি ৭৬ লাখ এক হাজার ২৩০ টাকা। আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন।
আটক ব্যক্তির নাম মিজানুর রহমান (৬১)। তার বাড়ি উপজেলার পিরপুরকুল্লা গ্রামে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসানের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণের বার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীপুর বিওপিকে সতর্ক করে একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়। আনুমানিক বেলা ১১টা ৪০ মিনিটে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে মুন্সীপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে সন্দেহভাজন মিজানুর রহমানকে ওই টহলদল থামায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তার কোমরের লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহন করার কথা স্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে আটটি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৬ লাখ এক হাজার ২৩০ টাকা। এ ছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং একটি ৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তি, জব্দ করা বাটন মোবাইল ফোন ও মোটরসাইকেলটি দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা