আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
দেশের আট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ শনিবার (১৮ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়-বৃষ্টি হতে পারে। এ সময় এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে নদী ও উপকূলীয় এলাকায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে। এই উদ্ভূত পরিস্থিতির কারণে উল্লিখিত অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর পুনর্স্থাপিত (১ নম্বর) স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এই বিশেষ সতর্কতা বুলেটিন জারি করেছেন। সংশ্লিষ্ট এলাকার সকল নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক