বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস খান ওই গ্রামের সাত্তার খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কালিঞ্জা গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা ও সমর্থন করাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। প্রাথমিকভাবে স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করলেও রাতে উভয় পক্ষ আবারও বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এর জের ধরে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর আচমকা হামলা চালান। এতে তিনি গুরুতর রক্তাক্ত ও আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা ইলিয়াসকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথেই তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান ও তদন্ত চলছে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ