প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে ওই স্কুলেরই অফিস সহকারী রাকিব হোসেন অন্তরের বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের আলাদাতপুর এলাকায় স্কুল ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
আহত প্রধান শিক্ষকের নাম মো. উজির আলী (৩৪)। তিনি লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে এবং নড়াইল কালেক্টরেট স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বেশ কয়েকজন অভিভাবক শিক্ষার্থীদের বেতন পরিশোধের জন্য স্কুলে যান। সে সময় অফিস সহকারী রাকিব হোসেন অন্তর বেতন না নিয়ে উল্টো অভিভাবকদের সাথে দুর্ব্যবহার শুরু করেন। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক উজির আলী অফিস সহকারী অন্তরের কাছে দুর্ব্যবহারের কারণ জানতে চান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অন্তর। একপর্যায়ে প্রধান শিক্ষক তার কক্ষ থেকে বেরিয়ে যেতে ধরলে অন্তর আচমকা তাকে ছুরিকাঘাত করেন। প্রধান শিক্ষকের চিৎকার শুনে অন্য শিক্ষকরা দ্রুত ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই অভিযুক্ত অন্তর বিদ্যালয় থেকে পালিয়ে যান।
নড়াইল জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, প্রধান শিক্ষক উজির আলীর হাত, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন প্রধান শিক্ষকের খোঁজখবর নিয়েছে। এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্ত অফিস সহকারী রাকিব হোসেন অন্তরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল