সবজি বিক্রেতাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে করিম উদ্দিন (৬৫) নামে এক প্রবীণ সবজি বিক্রেতাকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে ভূরুঙ্গামারী ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত করিম উদ্দিন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের বাসিন্দা এবং ভূরুঙ্গামারী বাজারের একজন পরিচিত সবজি বিক্রেতা।
আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাজারের দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফিরছিলেন করিম উদ্দিন। তিনি মিলনী প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ওত পেতে থাকা একদল যুবক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে সাথে থাকা প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় করিম উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের হোসেন জানান, আহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও ক্ষতস্থানে সেলাই দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)