চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে হামিম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামিম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজালনগর ফজরবরবাড়ি এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কেরানিহাট সিটি সেন্টার এলাকায় কয়েকজন দুর্বৃত্ত হামিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামিমকে বহনকারী অ্যাম্বুলেন্সচালক মো. জিসাদ বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমরা চমেক হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মো. মহিউদ্দিন বলেন, হামিমের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল কি না কিংবা কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারিনি। ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম