সালাম ফেরানোর পর মসজিদেই শেষ বিদায় তারা মিয়ার
প্রতিদিনের মতোই ওজু করে আসরের নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও সুপরিচিত তুলা ব্যবসায়ী মো. তারা মিয়া (৬৫)। কিন্তু নামাজ শেষে সালাম ফেরানোর পরপরই হঠাৎ মসজিদের ফ্লোরে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল রোববার (১৯ জুলাই) বিকেলে কটিয়াদী দরগাহ কলামহল জামে মসজিদে এই ঘটনা ঘটে। তারা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ের জামাই রেফায়েত উল্লাহ।
মসজিদে উপস্থিত মুসল্লি ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মিয়া ওই মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। রোববার বিকেলে আসরের নামাজ শেষ হওয়ার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যান। এ সময় উপস্থিত অন্য মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
জামাল উদ্দিন নামে এক মুসল্লি বলেন, তারা মিয়া অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন। প্রতিদিনের মতোই তিনি আসরের নামাজ আদায় করতে এসেছিলেন। কিন্তু নামাজ শেষ হতে না হতেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন।
রোববার রাত ১০টায় কটিয়াদী দরগাহ জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশ নেন। পরে দরগাহ জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ (বাজিতপুর-কটিয়াদি-নিকলী-পাকুন্দিয়া)