কুমিল্লা সিটি করপোরেশনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নগরীর যানজট নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার (১৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ব্যস্ততম টমসমব্রিজ এলাকায় এই অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় দীর্ঘদিন ধরে টমসমব্রিজ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এর ফলে নগরবাসীসহ বিভিন্ন প্রয়োজনে শহরে আসা সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল এবং নষ্ট হচ্ছিল মূল্যবান সময়। জনদুর্ভোগ লাঘবে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরবাসীর স্বার্থেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত হলে যানজট উল্লেখযোগ্য হারে কমবে, মানুষের চলাচল নির্বিঘ্ন হবে এবং জলাবদ্ধতা নিরসনেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে। যারা পুনরায় সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরাসহ সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা