রাজধানীতে থানার পেছনের ঝোপঝাড় থেকে চায়না রাইফেল উদ্ধার
থানার পেছনের ঝোপঝাড় থেকে উদ্ধার হওয়া চায়না রাইফেল। ছবি : এনটিভি
রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ বুধবার (২২ জুলাই) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই বিষয়ে মিরপুর মডেল থানা সূত্র জানায়, আজ সকাল আনুমানিক পৌনে ১১ টার দিকে মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি একটি জং ধরা চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক