সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবিতে ট্রাইব্যুনালে আবেদন
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর রাষ্ট্রসংলাপ আন্দোলন-SDRP-এর কেন্দ্রীয় সদস্য সচিব আাহমেদ শামীম, কেন্দ্রীয় সংগঠক মহসিন এবং জুলাই আন্দোলনে আহত আল নূর মোহাম্মদ আয়াস এই আবেদন জমা দেন।
আবেদনকারী আল নূর মোহাম্মদ আয়াস পরে জানান, তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পরোক্ষ বা প্রত্যক্ষ প্ররোচনা ও সহায়তায় আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলা, গুম এবং অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। কেননা তার নিকট স্মারকলিপি জমা দেওয়ার পর তিনি আন্দোলনকারীদের ওপর নির্যাতন বন্ধে কোন ব্যবস্থা নেয়নি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ময়মনসিংহের নওয়াব রোড এলাকায় আন্দোলনের সময় তাকে তুলে নিয়ে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয় এবং চোখ-মুখ বেঁধে অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। পরবর্তীতে চিকিৎসার পর সুস্থ হলেও তৎকালীন সরকারের দমনপীড়নে রাষ্ট্রপতির ভূমিকা ছিল সন্দেহজনক।
আবেদনে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপরাধমূলক কর্মকাণ্ডে ইন্ধন, গুম ও নির্যাতনের পেছনের ভূমিকা সঠিকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক