সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়।
আজ সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্ত এই মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে জানানো হয়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে ৪১ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৫১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৭৯৭ টাকার বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে আজ।
অনুষ্ঠানে জানানো হয় ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৪০৬ বোতল বিভিন্ন ধরনের মদ, ১৫ হাজার ৭৮ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ১৮ হাজার ৬৫৪টি ইয়াবা, ৭৫ হাজার ৭৬৬ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, প্রায় চার কেজি গাঁজা, ২১ লাখ ৭৬ হাজার ২৫৭টি বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ, এক হাজার ৪৭০ পাতা সুখি বড়ি, ১৫ হাজার ৭৪৬টি মাদকজাতীয় ট্যাবলেট, এক কেজি হেরোইন, আট বোতল (১০০ মিলি) ও ছয় বোতল (৫০ মিলি) এলএসডি এবং প্রায় আড়াই কেজি ক্রিস্টাল মেথ (আইস)।
অনুষ্ঠানের শুরুতে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাগত বক্তব্য দেন।
অধিনায়ক নীলডুমুর ব্যাটালিয়নের সদস্যদের পেশাদারত্ব, দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিবিজির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মহাম্মদ মাসুদুর রহমান, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ্ মো. আশরাফুল আলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান জাহান কনকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় উদ্ধার করা প্রাণঘাতী মাদক ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা