এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে গাজী সালাউদ্দীন তানভীরকে ঢাকার মণিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বগুড়ায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে সালাউদ্দীন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক পোস্ট করেন। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তিনি পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করেন। তবে ততক্ষণে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে দল থেকে তাকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি।
পরবর্তীতে গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, গত ২৯ জুলাই পোস্টটি তার নজরে আসে, যার মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
এদিকে গ্রেপ্তারের পর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টে দাবি করেন, অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়ার পর তা মুছে ফেলা, দুঃখ প্রকাশ করা এবং দলের পক্ষ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার পরও পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। একে ‘ক্ষমতার অপব্যবহার’ উল্লেখ করে তিনি তীব্র সমালোচনা ব্যক্ত করেন।

এনটিভি অনলাইন ডেস্ক