গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন : পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির নেতৃত্বে গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলের মধ্যে বামঐক্যের অসামান্য ভূমিকা ছিল। গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর ঐক্য প্রয়োজন।
আজ বুধবার (১২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা বিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবিলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয় বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
শহীদউদ্দিন চৌধুরী বিরোধী দলের উদ্দেশে বলেন, সরকার দায়িত্ব নিয়েছে এখনো ছয় মাসও হয়নি। একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়। তারা এখনি সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চায়।
মন্ত্রী আরও বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট হাসিনার দেশে আসার পথ যারা তৈরি করতে চায় এর দায়দায়িত্ব তাদের নিতে হবে। এদেশের জনগণ রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করেছে। সামনের দিনে রাজপথ থেকেই যেকোন ষড়যন্ত্র রুখে দেবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক