কুড়িগ্রামে বিপুল ভারতীয় প্যান্ট পিস জব্দ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে ৩ হাজার ২১৬ মিটার ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) রাতে এ অভিযানের পর চোরাকারবারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানের বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলামের (৩৫) বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ এই প্যান্ট পিস জব্দ করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি (অতিরিক্ত দায়িত্ব নাগেশ্বরী) মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের দায়িত্বরত এএসপি মুনতাসির মামুন মুন বলেন, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা এসব মালামাল জব্দ করা হয়েছে এবং এ সংক্রান্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ দুটি মামলা দায়ের করা হয়েছে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)