নড়াইলে বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
নড়াইলের কালিয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে অভিযানে জব্দ করা বিপুল অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
গতকাল রোববার (১৬ আগস্ট) কালিয়া উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও বড়দিয়া নৌ পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মামলায় দুজনকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে আদালতের নির্দেশে জব্দ করা প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৯টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস এবং বড়দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

এম. মুনীর চৌধুরী, নড়াইল