নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ নারী আটক
নড়াইল জেলার নড়াগাতী থানা এলাকায় এক বসতবাড়ির খাটের নিচ থেকে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পাখিমারা মধ্যপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই নারীর ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই নারীকে আটক করা হয়।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী স্বীকার করেছেন যে এই মাদক কারবারে বিপুল সরদার (৩৯) নামে একই গ্রামের আরও এক ব্যক্তি জড়িত। বিপুল সরদার ওই গ্রামের বাসিন্দা। অভিযানের সময় টের পেয়ে তিনি পালিয়ে যান। এ ঘটনায় আটক নারী ও পলাতক বিপুল সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল