বিসিএসে প্রশ্নফাঁসের অভিযোগ, পিএসসি কর্মকর্তা কৌশিক কারাগারে
বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রোগ্রামার কৌশিক দেবনাথের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ আদালতে আসামি কৌশিক দেবনাথের আইনজীবী মো. শরিফুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
গত ৭ জুলাই হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশনা মোতাবেক আজ আদালতে জামিনের আবেদন করেছেন তিনি।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৮ জুলাই রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক (এসআই) নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। পরবর্তীতে গত ১৮ মে আবেদ আলীসহ ৫৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার সাহা।

আদালত প্রতিবেদক