লালমনিরহাটে গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে মাসব্যাপী প্রতিযোগিতা
‘স্মৃতিতে ২৪: নতুন প্রজন্মের চোখে গণঅভ্যুত্থানের ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে মাসব্যাপী আন্তঃবিদ্যালয় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই, লালমনিরহাট’ এ প্রতিযোগিতার আয়োজন করে।
২৪-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও ত্যাগের কথা নতুন প্রজন্মসহ সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরা এবং এর সঠিক ইতিহাস ও চেতনা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মাসব্যাপী এ আয়োজন করা হয়। জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সিভিল সার্জন ডা. আবদুল হাকিম, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মো. রাসেল মিয়া, ওয়ারিয়র্স অব জুলাইয়ের সহসভাপতি গাজী আতিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোস্তাজিম বিল্লাহ হাবিবী।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রুকসানা পারভীনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান জাতীয় ইতিহাসের এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়। তরুণদের মেধা, মনন ও সৃজনশীলতার মাধ্যমে সেই ইতিহাস ধরে রাখার এ উদ্যোগ প্রশংসনীয়। গণঅভ্যুত্থানের মূল চেতনা ও শহীদদের আত্মত্যাগ যেন স্মৃতির অন্তরালে হারিয়ে না যায়, সে জন্য এ ধরনের শিক্ষণীয় ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন।
আলোচনা সভা শেষে মাসব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)