দেশজুড়ে বিদ্যুৎ সংকট, দিনেও জ্বলছে ওয়াচ টাওয়ারের বাতি!
সারা দেশে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের মধ্যে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় দিনের আলোতেও ৭১ ফুট উচ্চতার ওয়াচ টাওয়ারের সবকটি বাতি জ্বলতে দেখা গেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায়, চারপাশ সূর্যের আলোয় স্পষ্ট হলেও ওয়াচ টাওয়ারের বাতিগুলো তখনও জ্বলছে। স্থানীয়দের অভিযোগ, দিনের আলোয় বাতি জ্বালিয়ে রাখায় অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ অপচয় হচ্ছে।
২০২৫ সালের ২৬ মার্চ গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় ওয়াচ টাওয়ারটি উদ্বোধন করা হয়। ৭১ ফুট উচ্চতার টাওয়ারটি নির্মাণে ব্যয় হয় প্রায় ১০ লাখ টাকা। এর চারপাশে রয়েছে ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন বাতি। রাতের বেলায় আশপাশ আলোকিত ও শহরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ভবিষ্যতে নজরদারির কাজে এটি ব্যবহারের পরিকল্পনা ছিল।
স্থানীয় দোকানি রাকিব হোসেন বলেন, রাতে বাতি জ্বললে উপকার হয়, কিন্তু দিনের আলোয় এতগুলো বাতি জ্বলে থাকা অপ্রয়োজনীয়। সকালে বাতি বন্ধ হচ্ছে কি না, কর্তৃপক্ষের তা দেখা উচিত।
স্থানীয় ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, বিদ্যুৎ সংকট শুধু গোপালগঞ্জে নয়, সারা দেশের মানুষই ভোগান্তিতে আছে। এমন সময়ে দিনের বেলায় বাতি জ্বালিয়ে রাখা দুঃখজনক। সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রণ করা হলে সেটি ঠিকমতো কাজ করছে কি না, নিয়মিত পরীক্ষা করা দরকার।
গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম বলেন, ওয়াচ টাওয়ারের বাতিগুলো সফটওয়্যারের মাধ্যমে টাইমার দিয়ে নিয়ন্ত্রিত হয়। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাতি বন্ধ হওয়ার কথা। কেনো বন্ধ হয়নি, সফটওয়্যারে সমস্যা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ফারিহা তানজিন বলেন, ওয়াচ টাওয়ারের লাইটগুলো সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সফটওয়্যারে ত্রুটি দেখা দেওয়ার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ওয়াচ টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সমস্যার সঠিক সমাধানে কাজ চলছে।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ