প্রধানমন্ত্রীর স্ত্রী-এপিএসের ছবি ব্যবহার করে প্রতারণা, এক আসামি রিমান্ডে
রাজধানীর বনানী থানার মামলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) প্রকৌশলী আব্দুর রহমান সানির নাম এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার মামলায় কাকন রানা (৩৫) নামে এক আসামিকে ছয় দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মো. বিপুল হোসেন আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, অজ্ঞাত চক্র প্রধানমন্ত্রীর এপিএস-২ আব্দুর রহমান সানির নামে ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে প্রধানমন্ত্রীর এপিএস-২ এর ব্যক্তিগত নাম ও ছবি ব্যবহার করছিল। ওই আইডিগুলো থেকে বিভিন্ন ব্যক্তিদের কাছে মেসেজ পাঠিয়ে নানা ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে সম্মানহানি, ব্লাকমেইলিং ও প্রতারণা করে আসছিল।
এ ঘটনায় আব্দুর রহমান সানির পক্ষে মো. মইনুল ইসলাম রনি গত ২৩ আগস্ট বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

আদালত প্রতিবেদক