জাল টাকাসহ স্টুডিও ব্যবসায়ী গ্রেপ্তার, কম্পিউটার-প্রিন্টার জব্দ
নওগাঁয় কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ৪৭টি জাল নোট (৪৭ হাজার টাকা) এবং জাল নোট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক উপকরণ জব্দ করা হয়। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তারিকুল ইসলাম পয়না বাজার এলাকার বাসিন্দা এবং সেখানে ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামের একটি দোকান পরিচালনা করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পয়না বাজারের ওই স্টুডিওতে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে তারিকুলের দেহ তল্লাশি করে ৪৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। প্রাথমিক তল্লাশিতে জব্দ করা কম্পিউটারেও জাল নোট তৈরির বিভিন্ন তথ্য মিলিয়ে দেখেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত তারিকুলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না এবং ইতোমধ্যে তৈরি করা জাল নোট বাজারে ছড়ানো হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

আসাদুর রহমান জয়, নওগাঁ