মাদকাসক্ত ছেলের ১ বছর সাজা চাইলে ভ্রাম্যমাণ আদালত দেন ৬ মাস
মাদকাসক্ত সন্তানকে মাদক সেবন থেকে ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের কাছে এক বছরের সাজা চেয়েছিলেন বাবা। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই সন্তানকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। পাশাপাশি আদালত আরও তিন মাদকাসক্ত যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট চার মাদকাসক্ত যুবককে কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন উপজেলার শিবপুরের আব্দুল আলিমের ছেলে সোহান আহমেদ (২২), জলন্দার জমসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও আব্দুস সামাদের ছেলে সাগর আহমেদ (২৮) এবং হারোয়ার জমসেদ আলীর ছেলে শাকিল রানা (২২)।
সোহানের বাবা আব্দুল আলিম জানান, মাদকাসক্ত ছেলে টাকার জন্য তার ভ্যানের ব্যাটারি বিক্রি করে দেন। ঘরের হাঁড়ি-পাতিল থেকে শুরু করে হাতের কাছে বিক্রিযোগ্য যা পান তা নিয়েই বিক্রি করে নেশা করছেন। বাধা দিলে মা-বাবাকে মারধর করেন। ছেলের এই নির্যাতন ও মাদক থেকে ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের কাছে এক বছরের সাজা চেয়েছিলেন বাবা আব্দুল আলিম। কিন্তু বিদ্যমান আইনে ছেলেকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় আব্দুল আলিম এলাকার চিহ্নিত মাদক বিক্রেতাদের আটক ও কারাদণ্ডাদেশ দেওয়ার আবেদন জানান।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের একজনকে ছয় মাস, একজনকে তিন মাস এবং অপর দুজনকে এক মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

হালিম খান, নাটোর