প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা কেটে যুব উন্নয়ন কর্মকর্তাদের নাস্তা
নাটোরের লালপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির ৪০ জন প্রশিক্ষণার্থীর ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অডিট কর্মকর্তাদের নাস্তা, যাতায়াত এবং সমাপনী অনুষ্ঠানের খরচের অজুহাতে প্রশিক্ষণার্থীদের বরাদ্দের টাকা থেকে জনপ্রতি ৬২০ টাকা করে কেটে নেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুরে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ংপিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ভাতার টাকা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ভ্যাট-ট্যাক্স বাদ দিয়ে জনপ্রতি পাওনা ছিল ১২ হাজার ৩২০ টাকা, কিন্তু তাদের দেওয়া হয় ১১ হাজার ৭০০ টাকা করে।
প্রশিক্ষণার্থী মহিউদ্দিন ও সজিবুল ইসলাম অন্তর অভিযোগ করে বলেন, প্রশিক্ষক ও অডিট কর্মকর্তাদের পেছনে খরচ ও সমাপনী আয়োজনের কথা বলে হলুদ খামে ১১ হাজার ৭০০ টাকা করে দেওয়া হয়েছে। কেউ কেউ এতে আপত্তি জানালেও বাধ্য হয়ে টাকা নিতে হয়েছে।
এ বিষয়ে কম্পিউটার প্রশিক্ষক তাইজুল ইসলাম বলেন, যুব উন্নয়ন কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে সমাপনী অনুষ্ঠান ও খাবারের খরচের কথা বলে প্রশিক্ষণার্থীদের সম্মতিতে অতিরিক্ত ৬২০ টাকা করে মোট ২৪ হাজার ৮০০ টাকা কাটা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি নাটোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম. গোলাম মাহবুব।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবির হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)