জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা এলাকায় পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বাস্তবায়নে এ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মাহমুদা কুলসুম মনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) মো. ওয়ালী উল্লাহ সরকার, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ) পলাশ কুমার দাসসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৫ দিনে ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে তিন শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। এর মাধ্যমে প্রাণীদের মধ্যে জলাতঙ্কের সংক্রমণ রোধ করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই হ্রাস পাবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস জানান, জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী ব্যাধি। মূলত ক্ষিপ্ত পথ কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে এ রোগ মানুষের দেহে ছড়ায়। গণটিকা প্রদানের ফলে কমিউনিটিতে জলাতঙ্ক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণীর কল্যাণ নিশ্চিত করতেই সরকারি উদ্যোগে এই বিশেষ আয়োজন। জলাতঙ্কমুক্ত পৌরসভা গঠনে নির্ধারিত সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম সফল করতে তিনি সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

শরীফুল ইসলাম, চাঁদপুর