চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিডস স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা
নজরুলবর্ষ উপলক্ষে চট্টগ্রামের পাথরঘাটায় সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রকলা প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। ‘কল্পনা করুন, অন্বেষণ করুন, উদ্ভাবন করুন' প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, ব্রাদার সুমন জোসেফ কস্তা ও ব্রাদার প্রত্যয় ভিনসেন্ট রোজারিও।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা আশা করেন, নতুন প্রজন্মের চিন্তা ও প্রচেষ্টা যেন পরিবেশবান্ধব হয় এবং মানুষের জন্য কল্যাণকর হয়।
মেলায় শিক্ষার্থীদের তৈরি নানা উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন ভাবনা। কৃষিজমি রক্ষা থেকে শুরু করে নিরাপদ পার্কিং এবং হাঁটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনসহ বেশ কিছু প্রকল্প দর্শনার্থীদের নজর কেড়েছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এনটিভি অনলাইন ডেস্ক