ময়মনসিংহে দুই অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় একটি বাস দুটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আইডিয়াল হাই স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুই জনের মরদেহ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমদ জানান, ঘটনাস্থলে রাস্তার পাশে একটি মাহিন্দ্র দাঁড়িয়ে ছিল। প্রথমে ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড বাসটি বেপরোয়া গতিতে রং সাইডে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নম্বরবিহীন একটি মাহিন্দ্রকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা ময়মনসিংহগামী অপর সিএনজিকে পিছন দিকে ধাক্কা দিয়ে বাসটি ঘটনাস্থলের পাশে আইডিয়াল হাই স্কুলের বাউন্ডারির দেয়াল ভেঙে কাত হয়ে পড়ে যায়। এ ঘটনায় বাসচালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুই অটোরিকশার হতাহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আইয়ুব আলী, ময়মনসিংহ