চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক নজরুল ইসলাম (৫৬) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নাচোল উপজেলার সূর্যপুর এলাকায় নজরুল ইসলামের মালিকানাধীন একটি তুলার গুদামে অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে তুলার নিচে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে নজরুলকে আটক করা হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। আটক আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, তুলার ব্যবসার আড়ালে চলা এই মাদক চক্রের সঙ্গে আরও অন্তত দুজন জড়িত রয়েছে। যাদের মধ্যে সূর্যপুরের এক স্থানীয় তুলা ব্যবসায়ী ও শিবগঞ্জের অন্য এক ব্যক্তি পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)