বিজয়নগরে ৬০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ মো. মোহন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। গ্রেপ্তার মো. মোহন মিয়া বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের বাসিন্দা।
এসআরবি-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকার একটি পাকা সড়কে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকের চালান হস্তান্তরের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন খবর পায় আভিযানিক দল। অভিযান চালিয়ে মোহন মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেপ্তার মোহন মিয়াকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ছয়টি পাটের বস্তার ভেতর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্যগুলো বিশেষ কায়দায় নীল ও গোলাপি রঙের পলিথিনে মুড়িয়ে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আড়াল করে রাখা হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা আলামতসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং পালিয়ে যাওয়া সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কে এম শহিদুল ইসলাম আরও উল্লেখ করেন, মাদকের বিস্তার রুখতে ও জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি এবং বিশেষ চিরুনি অভিযান জোরদার করা হয়েছে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)