পথরোধ করে ছিনতাই, ২ ছিনতাইকারী গ্রেপ্তার
নওগাঁর রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়কে অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক ক্ষুদেবার্তায় তাদের গ্রেপ্তারের তথ্যটি জানান।
গ্রেপ্তার করা দুজন হলেন উপজেলার রাজাপুর গ্রামের মো. নাহিদ হোসেন (২২) ও বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার চা-বাগান কলোনির মো. মনিরুল ইসলাম বাইরুল ওরফে বেলাল (৩৮)। বাইরুল ছিনতাই চক্রটির মূল হোতা। গতকাল রোববার থেকে টানা ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়ার সান্তাহার ও রাণীনগর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ক্ষুদেবার্তায় আরও জানানো হয়, গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার নির্জন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা প্রথমে এক হাঁস ব্যবসায়ী, পরে এক ভ্যানচালক এবং দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহীর পথরোধ করে ধারালো হাসুয়া ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ছিনতাই করে। পরে তাদের কাছ থেকে কয়েক হাজার টাকা ও ছয়-সাতটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় হাবিবুর বাশার, সুজন, এরশাদ সোহেল এবং ফয়সালসহ কয়েকজন ভুক্তভোগী আহত হন। এমনকি যাত্রীদের কয়েকজনকে তাদের পরনের কাপড় কেটে গাছের সঙ্গে বেঁধেও রাখা হয়েছিল
ক্ষুদেবার্তায় আরও জানানো হয়, নওগাঁ- রানীনগর -আত্রাই- নাটোর আঞ্চলিক সড়কে যেকোনো ধরনের ছিনতাই ও দস্যুতা দমনে আইন ও বিধি অনুযায়ী শক্তি প্রয়োগ করবে পুলিশ। সেই সঙ্গে অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে।

আসাদুর রহমান জয়, নওগাঁ