আবাসিক মাদ্রাসা থেকে ছাত্র নিখোঁজ
পটুয়াখালীর বাউফলে একটি আবাসিক হাফিজিয়া মাদ্রাসা থেকে মো. মিনহাজ খান (১১) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের পর উপজেলার আবু বকর সিদ্দিক (রা.) নূরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মিনহাজ পাশের দশমিনা উপজেলার নেহালগঞ্জ এলাকার মো. রুহুল আমিনের ছেলে এবং ওই মাদ্রাসার হেফজ শাখার তৃতীয় জামাতের ছাত্র।
মাদ্রাসা সূত্রে জানা যায়, রোববার দুপুরে কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায় মিনহাজ। ঐ দিন বিকেলে তার বাবাকে ফোন করে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ধরে নেয় ছেলেটি হয়তো বাড়ি চলে গেছে। পরবর্তীতে সোমবার দুপুরে আবার যোগাযোগ করা হলে মিনহাজের বাবা বলেন, সে বাড়ি পৌঁছায়নি।
মিনহাজের বাবা বলেন, কাজের ব্যস্ততায় রোববার বিকেলে আসা ফোনটি তিনি ধরতে পারেননি এবং পরে মাদ্রাসা থেকেও আর কোনো যোগাযোগ করা হয়নি। সোমবার খবর পাওয়ার পর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মিনহাজের কোনো সন্ধান পাননি।
এদিকে নিখোঁজ ছাত্রের বিষয়ে দায়িত্বশীল ভূমিকা না নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মাদ্রাসার শিক্ষক মো. বায়জিদ হোসেন। তিনি বলেন, শয়তানের ওয়াসওয়াসার কারণে ছেলেটি চলে যেতে পারে এবং তার জন্য বিশেষ তদবির দেওয়া হয়েছে, যাতে তাকে পাওয়া যাবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় জিডি বা কোনো অভিযোগ দেওয়া হয়েছে কি না তা খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কাজল বরণ দাস, পটুয়াখালী