মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার, ৫ জন কারাগারে
রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পাঁচজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক আখতার মোর্শেদ আসামিদের হাজির করে শেরেবাংলা নগর থানার জিডির সূত্রে ৫৪ ধারায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাগারে যাওয়া পাঁচজন হলেন- শিহাব উদ্দিন (৩২), মারজুক আহমেদ (২৬), সাইফুর রহমান খান (৩২), রাম্মি মিয়া (২৯) ও কামিছুল ইসলাম (৩৬)।
নথি থেকে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাদের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। সেই রিমান্ড শেষে হলে পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়।
রিমান্ডে থাকা অপর সাতজন হলেন- সাজ্জাদ হোসেন (২২), আফিফ আহমেদ (২০), মোহাইমিনুল হক (২৭), জাওজি চৌধুরী (১৯), শাহাদাত হোসেন (২৫), সাকিব আহমেদ (২৬) ও জুনায়েদ আহমেদ (২১)।

আদালত প্রতিবেদক