সৌদি আরবে নিহত ২ প্রবাসীর মরদেহের অপেক্ষায় পরিবার
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় গাজীপুর কালীগঞ্জ উপজেলার দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মোক্তারপুর ইউনিয়নের ধনপুর দক্ষিণপাড়া এলাকার মৃত আহসান উল্লাহ খন্দকারের ছেলে আলমগীর খন্দকার (৪৪) এবং ধনপুর ফকিরপাড়া এলাকার মৃত রশিদ ফকিরের ছেলে ফরহাদ ফকির (৩৫)।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কর্মস্থল থেকে ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। পরের দিন শনিবার ভোরে দেশে থাকা পরিবারের সদস্যরা তাঁদের মৃত্যুর খবর পান।
পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর খন্দকার জীবিকার তাগিদে ২০২২ সালের জুনে সৌদি আরবে যান। এরপর ২০২৪ সালের মার্চে সৌদি আরবে পাড়ি জমান ফরহাদ ফকির। দুজনই রিয়াদের আল-বাথা এলাকায় বসবাস করতেন। প্রবাসী বাংলাদেশিদের কাছে এই এলাকা ছোট বাংলাদেশ হিসেবে পরিচিত।
সৌদি আরবে যাওয়ার পর প্রথমদিকে দুজন ক্লিনারের কাজ করলেও পরে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে কাজ শেষে ফেরার সময় তারা দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ দুটি রিয়াদের আল-শুমাইসি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
এই দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২০ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নরসিংদী জেলা কার্যালয়ের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করা হয়েছে। সৌদি আরবের আইনি ও প্রশাসনিক কার্যক্রম শেষে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
আলমগীর খন্দকারের চাচাতো ভাই শফিকুল ইসলাম খন্দকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনও দুই প্রবাসীর মৃত্যুর বিষয়টি অবগত থাকার কথা জানিয়েছেন।
এদিকে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবরে তাঁদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় বিদেশে পাড়ি দেওয়া আলমগীর ও ফরহাদের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে চলছে গভীর শোক। মরদেহ দ্রুত দেশে এনে শেষবারের মতো আপনজনদের কাছে ফিরিয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার।

এখলাছ উদ্দিন, গাজীপুর (কালীগঞ্জ-কাপাসিয়া)