বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের পাঁচ দিনের পূর্বাভাস
দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পরবর্তী কয়েক দিনে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। আগামী ৭ অক্টোবর থেকে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। একই সঙ্গে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।
আজ শনিবার (৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫১ মিনিটে।
৪ ও ৫ অক্টোবর : রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
৬ অক্টোবর : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
৭ অক্টোবর : রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী ৫ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক