কোন ক্যাটাগরিতে কে পেলেন পর্যটন পুরস্কার
দেশের পর্যটন খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’। শনিবার (৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এ পুরস্কার দেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। দেশের পর্যটনশিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল পর্যটন, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে এ পুরস্কার দেওয়ার আয়োজন করা হয়েছে।
ট্যুরিজম বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন শাখায় পাওয়া মনোনয়ন যাচাই-বাছাই করে জুরিবোর্ড বিজয়ীদের নির্বাচন করেছে।
এর মধ্যে বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ হিসেবে পুরস্কার পেয়েছে শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন।
বর্ষসেরা পাঁচ তারকা হোটেল শাখায় নির্বাচিত হয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। বর্ষসেরা চার তারকা হোটেল হয়েছে হোটেল আগ্রাবাদ। আর বর্ষসেরা তিন তারকা হোটেল ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি।
বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর নির্বাচিত হয়েছে দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড। বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর হিসেবে পুরস্কার পেয়েছে শেয়ারট্রিপ লিমিটেড। বর্ষসেরা বিনোদন পার্ক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চারের মেহেদী হাসান।
বর্ষসেরা হোমস্টে পুরস্কার পেয়েছে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস। বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নির্বাচিত হয়েছেন আবু মোহাম্মদ সালাহউদ্দিন সুমন। বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বিডি টিকেটস। বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন নুরানী শারমিন আফরোজ। বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল পুরস্কার পেয়েছে এমভি মালঙ্গী। বর্ষসেরা ট্যুর গাইড হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সারোয়ার জাহান।
বর্ষসেরা মাইস উদ্যোগ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। আর বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন মো. নাঈম উল ইসলাম।

এনটিভি অনলাইন ডেস্ক