নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
এর আগে গত ৪ অক্টোবর দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক (মানিলন্ডারিং-১) মুহাম্মদ জাফর সাদেক শিবলী আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
দুদক সূত্রে জানা গেছে, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অবৈধ অর্থ উপার্জন, নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে ওই অর্থ বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচার করে সম্পত্তি অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
আবেদনে দুদক কর্মকর্তা উল্লেখ করেন, সিদ্দিকী নাজমুল আলম দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মানিলন্ডারিংয়ের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমন রোধ করা প্রয়োজন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সিদ্দিকী নাজমুল আলম জামালপুর সদর থানার সকাল বাজার এলাকার সিদ্দিকী প্লাজার বাসিন্দা। তার বাবা সিদ্দিকী খায়রুল আলম এবং মা এস এম নাসিমা বেগম।

আদালত প্রতিবেদক