বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বান্দরবানে শুরু হয়েছে দুদিনব্যাপী বিশেষ সামরিক-বেসামরিক ফ্রি চিকিৎসা ক্যাম্প। সোমবার (৫ অক্টোবর) বান্দরবান জেলা শহরের ঐতিহ্যবাহী রাজারমাঠে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের বাস্তবায়নে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা হয়। ক্যাম্পটি মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পর্যন্ত টানা চলবে।
আয়োজক সূত্র জানায়, মেডিকেল ক্যাম্পে চক্ষু, চর্ম ও সৌন্দর্যবিদ্যা, নাক-কান-গলা (ইএনটি), মেডিসিন, শিশু রোগ, গাইনি অ্যান্ড অবসেটট্রিকস এবং জেনারেল সার্জারি বিভাগের অভিজ্ঞ সিএমএইচ ও অসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের নিবিড়ভাবে পরামর্শ ও চিকিৎসাসেবা দিচ্ছেন। পরামর্শের পাশাপাশি সেবাগ্রহীতাদের মাঝে শতভাগ বিনামূল্যে মানসম্মত ওষুধ বিতরণ করা হচ্ছে।
চিকিৎসা কেন্দ্রে আসা কাইসিংঘাটা এলাকার ৫০ বছর বয়সী নূর হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে চর্ম ও অ্যালার্জিজনিত জটিলতায় ভুগছেন। সেনাবাহিনীর ক্যাম্পে সিএমএইচের চর্মরোগ বিশেষজ্ঞ দেখানোর পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় সব ওষুধ পেয়েছেন।
একইভাবে কুহালং ইউনিয়নের ৭০ বছর বয়সী ভাঙা পা নিয়ে আসা নুরুল ইসলাম এবং চোখের ছানি সমস্যায় ভুগতে থাকা টাইগারপাড়ার জয় পুরী তঞ্চঙ্গ্যা (৮০) বিনামূল্যে উন্নত চিকিৎসা ও ওষুধ পেয়ে সেনাসদস্য ও চিকিৎসকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসকরা জয় পুরী তঞ্চঙ্গ্যাকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের অস্ত্রোপচার (ছানি অপারেশন) সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের যৌথ কারিগরি সহায়তায় কয়েকটি বিশেষায়িত মেডিকেল টিমের সমন্বয়ে দুদিনব্যাপী এ ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি দুর্গম ও সীমান্ত এলাকার দরিদ্র রোগীরা যেন উন্নত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ মহতি উদ্যোগ নেওয়া হয়েছে।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি মানবিক এই চিকিৎসাসেবা স্থানীয় সাধারণ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মাঝে ব্যাপক স্বস্তি ও প্রশংসার জোয়ার সৃষ্টি করেছে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান