কাদের মির্জা, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা
ক্ষমতার অপব্যবহার করে সাড়ে তিন কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তার স্ত্রী আখতার জাহান বকুল ও ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
স্বজনদের নামে মোট ৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৯৫ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে এই মামলাগুলো করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) নোয়াখালী জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অনুসন্ধানে জানা যায়, ১৯৯৯ থেকে ২০০১ সাল এবং ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বসুরহাট পৌরসভার মেয়র থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিক হন কাদের মির্জা। তার নিজের নামে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া তার স্ত্রী আখতার জাহান পেশায় গৃহিণী হওয়া সত্ত্বেও এবং আয়ের কোনো নির্দিষ্ট উৎস না থাকা সত্ত্বেও তার নামে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা ও ছেলে মাশরুর কাদেরের নামে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার ব্যাখ্যাতীত সম্পদ পাওয়া গেছে।
মামলার বাদী ও অনুসন্ধানকারী কর্মকর্তা চিন্ময় চক্রবর্তী বলেন, কমিশনের অনুমোদন পাওয়ার পরেই মামলাগুলো আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে। তদন্তের মাধ্যমে এই ঘটনায় পরিবারের বাইরে অন্য কারও জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং দলটির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই।

আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)