বিপুল ইলিশসহ ৬ লাখ মিটার জাল জব্দ, ৬ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ মিটার অবৈধ জাল ও ছয় মেট্রিক টন মা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় ২০০ কেজি সামুদ্রিক মাছও জব্দ করা হয়। পাশাপাশি নয়টি বোটের মালিককে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) এক ক্ষুদেবার্তায় উপজেলা মৎস্য অফিস এ তথ্য জানায়।
ক্ষুদেবার্তায় জানানো হয়, গতকাল সোমবার দুপুর ১২টা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার কুমিরা উপকূলসংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ।
ক্ষুদেবার্তায় বলা হয়, অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। অন্যদিকে, জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা, হতদরিদ্র পরিবার, মন্দির ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ বলেন, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে কাজ করছে। অবৈধভাবে মাছ আহরণ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)