ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করার পর ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। তবে এর প্রভাবে বাংলাদেশের আটটি বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশজুড়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার বিশেষ বার্তা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দেশের সবকটি বিভাগ— ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগগুলোর দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
তৃতীয় দিন শুক্রবার (৩০ অক্টোবর) রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। চতুর্থ ও পঞ্চম দিনেও দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী কয়েক দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে অথবা অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের শেষভাগে সার্বিক তাপমাত্রা আরও কমার ইঙ্গিত দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক