‘বিকারগ্রস্তদের ভালো হওয়ার সম্ভাবনা নেই, এমন ধারণা ভুল’
ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. অঞ্জনা ভট্টাচার্য বলেছেন, মানসিক বিকারগ্রস্তদের ভালো হওয়ার সম্ভাবনা নেই, এমন ধারণা ভুল।
আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক আন্তর্জাতিক কর্মশালায় অঞ্জনা ভট্টাচার্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, যে কোনো ধরনের মানসিক সমস্যারই সমাধান সম্ভব। এর জন্য হাসি-খুশি থাকার বিকল্প কিছুই নেই।
‘সেবাকারীদের সেবা দিন’ শীর্ষক কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অঞ্জনা ভট্টাচার্য বলেন, ‘কোনো পরিবারে যখন প্রত্যাশিত সন্তান হয়, তখন সে পরিবারে আনন্দ থাকে। আর যখন এর বিপরীতটা ঘটে, তখন ওই পরিবারে হতাশার ছাপ নেমে আসে। শুধু নিম্নবিত্ত পরিবারের এ রোগ না, উচ্চবিত্ত পরিবারেরও হয়ে থাকে। কিন্তু উচ্চবিত্ত পরিবারগুলো সমাজের সামনে কখনোই এটা প্রকাশ করতে চায় না।’
অঞ্জনা বলেন, মানসিক রোগ সমাধানে সবার সচেতনতাও প্রয়োজন। যেকোনো পরিবারেরই হোক না কেন, রোগ হলে সম্মানহানি ঘটে না। তাই রোগ কখনোই লুকানোর বিষয় নয়।
রাবির মনোবিজ্ঞান বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন রাবির কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ।
মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজমা আফরোজের সভাপতিত্বে কর্মশালায় চারটি প্রবন্ধ উপস্থাপন করেন অঞ্জনা ভট্টাচার্য, ঢাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পরিচালক কামাল উদ্দিন আহমেদ, রাবির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনওয়ারুল হাসান সুফি ও সহকারী অধ্যাপক তানজির আহম্মদ তুষার।

রাবি সংবাদদাতা