বিতার্কিকদের উপস্থাপন দক্ষতা নিয়ে রাবিতে কর্মশালা
বিতার্কিকদের উপস্থাপন দক্ষতা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
‘লিডারশিপ অ্যান্ড ডিবেট প্রেজেন্টেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটরস (গোল্ড) বাংলাদেশ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান বলেন, শিক্ষা ও কর্মজীবনে সফলতা এবং যুক্তিবাদী সমাজ গঠনে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্য বিতর্ক চর্চার বিকল্প নেই।
এ কর্মশালায় ‘বিতার্কিকদের উপস্থাপন দক্ষতা’ বিষয়ে আলোচনা করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ্ আহমেদ চৌধুরী এবং ‘মোটিভেশন অ্যান্ড অর্গানাইজেশনাল লিডারশিপ’ বিষয়ে বক্তব্য দেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মুকসিমুল আহসান অপু। এ ছাড়া ‘ডিবেট অ্যান্ড ক্যারিয়ার’ বিষয়ে আলোচনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার জাফর সাদিক।
গোল্ড-এর সাবেক সহসভাপতি সৈকত আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক আরাফাত সিদ্দিক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন ও সংগঠনটির মডারেটর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মামুন আ. কাইউম।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

রাবি সংবাদদাতা