জাবিতে মশাল মিছিল, কাল থেকে লাগাতার অবরোধ
শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন ঘুরে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। সমাবেশে আগামীকাল সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন লাগাতার অবরোধ করে রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা কাল সোমবার থেকে প্রশাসনিক ভবন অবরোধ করব। এ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটায় এমন যেকোনো ধরনের কাজ থেকে বিরত থাকতে আন্দোলনরত শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে।
গত ২৭ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবনে অবস্থিত কার্যালয় ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবি সংবাদদাতা