বসন্তে জাবি ক্যাম্পাসে ক্যাসিয়া রেনিজেরার সৌন্দর্য
প্রকৃতিতে বসন্ত এখন মাঝপথ অতিক্রম করে শেষভাগে পা রাখতে চলল। সবচেয়ে আবেদনময়ী এ ঋতু বসন্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছে অপরূপ ও নান্দনিক ফুলে।
বসন্তের এই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলছে হরেক রঙের ফুলের আভা। কোকিলের কুহুকুহু ডাক, বৃক্ষের কচিপাতায় সবুজ রং আর নানা বর্ণের ফুল প্রকৃতিকে করে তুলেছে অপরূপ। এমনই এক অনিন্দ্যসুন্দর ফুলের নাম ক্যাসিয়া রেনিজেরা। বেশ কয়েক বছর ধরেই দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়টির সৌন্দর্যের মাত্রায় নতুন পালক যোগ করে আসছে ভিনদেশি এ ফুল।
এই বসন্তের অবগাহনে গাছের জীর্ণতা ভেঙে নতুন কুঁড়িতে ছেয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরাজি। বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের দক্ষিণ-পূর্ব কোণে ক্যাসিয়া রেনিজেরা ফুল ফুটেছে। ক্যাসিয়া রেনিজেরায় অপরূপ সৌন্দর্যের ফুল পথচারীদের থামিয়ে দিচ্ছে 'দাঁড়াও পথিক, একটু দেখে যাও।'
.jpg)
শ্বেতশুভ্র ভিনদেশি এ প্রজাতির ফুলগাছের আদি নিবাস জাপান। এর স্নিগ্ধ রূপ ও রং বৈচিত্র্য থেকে চোখ সরিয়ে নেওয়া সহজ নয়। ফুলটির বৈজ্ঞানিক নাম ‘বার্মিজ পিংক ক্যাসিয়া’। মধ্যম আকারের এ বৃক্ষের উচ্চতা সাধারণত ৮ থেকে ১০ মিটার লম্বা। চিকন ডালগুলো ঝুলে থাকে। রোপণের চার-পাঁচ বছরের মধ্যে বৃক্ষে নয়নাভিরাম শ্বেতশুভ্র গোলাপি ফুল আসে।
আর এই বৃক্ষ আমাদের সহজাত বৃক্ষ নয় বলে এটি তুলনামূলকভাবে কম পরিচিত। বর্ষা ছাড়া মোটামুটি বছরের বেশির ভাগ সময়ই বৃক্ষটি পত্রহীন অবস্থায় থাকে। আর পত্রহীন এ বৃক্ষটিতে ফেব্রুয়ারির শেষদিক থেকে শুরু করে এপ্রিল, মে মাস পর্যন্ত দৃষ্টিনন্দন ফুলের দেখা মেলে। এরপর ক্রমে নতুন পাতা গজায় আর গোলাপি ফুলগুলো সাদা হতে থাকে।
দৃষ্টিনন্দন ক্যাসিয়া প্রজাপতির ৪০ প্রকার গুল্ম ও বৃক্ষ জাত রয়েছে। এর মধ্যে ভারত ও বাংলাদেশে মিলিয়ে ১৫টি প্রজাতির দেখা পাওয়া যায়।
.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দণ্ডায়মান বৃক্ষটির সামনে ঝোলানো নামফলক সূত্রে জানা যায়, ২০০২ সালে অধ্যাপক ড. এ আর খান বীজ সংগ্রহ করে চারা উত্তোলন করে ক্যাম্পাসের কয়েকটি স্পটে জাপানি এ ফুলের চারা রোপণ করেছিলেন।
বসন্তের শেষ ভাগে গাছটিতে দেখা মেলে মঞ্জুরির। এ বৃক্ষের ফুল থেকে যে বীজ হয়, তা অনেকটা শিম আকৃতির প্রায় কালো রঙের লম্বা দণ্ডের ফল। ক্যাসিয়া রেনিজেরা বাংলাদেশে খুব স্বল্প পরিচিত এবং অদ্ভুত সুন্দর ফুল হিসেবে বেশ পরিচিত।

আহমেদ রিয়াদ