কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৫৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপিত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. হায়াৎ মামুদ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে ও বুঝতে হলে শুধু বক্তব্য শুনলেই হবে না, তাঁর লেখা বই পড়তে হবে। মানুষের ভেতরে যে শিল্প চৈতন্যবোধ থাকে, তার বিকাশের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়া প্রয়োজন।’ তিনি আরো বলেন, ‘শিল্পকলার এমন কোনো বিষয় নাই, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্পর্শ করেননি। তিনি ছবিও এঁকেছেন।’
অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত-উল আলম বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গান বা কবিতা শুনে, প্রবন্ধ বা গল্প পড়ে তাঁর ভক্ত হতে হবে এমন নয়। তিনি মনের অজান্তেই আমাদের হৃদয়ে আছেন। বাতাস যেমন সর্বত্র বিচরণ করে, ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণও সর্বত্র। তিনি আমাদের একমাত্র ঐতিহ্য, যাকে আমরা শয়নে-স্বপনে স্মরণ করতে পারি।’ তিনি আরো বলেন, ‘মানুষের যত রকম অনুভূতি রয়েছে, তার সবই রবীন্দ্রনাথ ঠাকুর অনুভব করতে পেরেছিলেন। তিনি জানতেন, মানুষের সাধ্যের বাইরে কিছুই নেই। সময়কে নিয়ন্ত্রণ করতে হবে, যেমনটি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তো তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ওঠেন।’ জীবনে পরিতৃপ্ত হতে হলে কোনো না কোনো বড় কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার আহ্বান জানান উপাচার্য।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. সুব্রত কুমার দে, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. বিজয় ভূষণ দাস, রেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম এবং গ্রন্থাগারিক মো. ফজলুল কাদের চৌধুরী।
আলোচনা সভার পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরিবেশনায় সংগীত পরিবেশিত হয়। সংগীত পরিচালনায় ছিলেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ শাকিল হাসমী ও সুমা রানী রায়। অতিথি শিল্পী সামিউন সুলতানার পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ পরিবেশিত হয়। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রভাষক নুসরাত শারমিন তানিয়ার নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘রক্তকরবী’ পরিবেশিত হয়। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কর্তৃক চলচ্চিত্র পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তীর আয়োজন।
এর আগে সকালে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্টুডিও থিয়েটার হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ‘পূর্ব বাংলায় রবীন্দ্র-হেজিমনি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ফোকলোর বিভাগের প্রভাষক মোহাম্মদ মেহেদী উল্লাহ। পাঠকৃত প্রবন্ধের বিষয়ে আলোচনা করেন যথাক্রমে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহিদুল কবীর, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

আজিজার রহমান