ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘পরামর্শক প্রতিষ্ঠান খুলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে যে অর্থ বিদেশে পাচার করেছে, তার অর্থ ইতিহাসের কলঙ্ক তারেক রহমান। তাঁকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, ‘গুলশানের জঙ্গিরা ঘটনাস্থলে নিহত হয়েছে। কিন্তু জঙ্গিদের লাশ তাদের বাবা-মা পর্যন্ত নেননি। কারণ, তারাও দেশ ও জাতির কাছে লজ্জিত হয়েছে। এর থেকেই বোঝা যায়, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করে না।’

ঢাবি সংবাদদাতা