‘ভুয়া’ সাংবাদিক সমিতিকে স্বীকৃতি দেয়নি জবি
সুব্রত মণ্ডলকে সভাপতি করে গঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতিকে স্বীকৃতি দেয়নি প্রশাসন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মীজানুর রহমান এ কথা জানিয়েছেন। এ ছাড়া সাময়িক বন্ধ থাকা সাংবাদিক সমিতির অফিস শিগগিরই খুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জবি সাংবাদিক সমিতি কার্যকরী পরিষদ ২০১৬-১৭-এর সভাপতি সোহাইল মিয়া ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। অন্য কোনো কমিটিকে স্বীকৃতি দেবে না প্রশাসন।
গত সপ্তাহে একটি অনলাইন পত্রিকার সাংবাদিক সুব্রত মণ্ডল আরো কয়েকজন অনলাইন পত্রিকার সাংবাদিকদের নিয়ে জবি সাংবাদিক সমিতির নামে একটি কমিটি গঠন করে। পরে এই কমিটি গঠনের কথা কিছু অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। এমনকি সমিতির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে সুবিধা নেওয়ারও অভিযোগ ওঠে এই কমিটির বিরুদ্ধে। সমিতির বর্তমান ও সাবেক সদস্যরা এই কমিটিকে ‘ভুয়া’ বলেও মন্তব্য করেছেন।
এই পরিস্থিতিতে সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতা এবং সাধারণ সদস্যরা আজ দুপুরে জবি উপাচার্য কার্যালয়ে উপাচার্য ও প্রক্টরের সঙ্গে বৈঠক করেন।
উপাচার্য ড. মীজানুর রহমান জানান, সাংবাদিক সমিতির নামে নতুন ঘোষিত ওই কমিটিকে মানে না প্রশাসন। ওই কমিটি স্বীকৃতিও পাবে না। শিগগিরই সাংবাদিক সমিতির কার্যালয় খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ছাত্রলীগের মতবিরোধের জেরে সাংবাদিক সমিতির কার্যালয় তালা লাগিয়ে দেয় প্রশাসন। সেই থেকে কার্যালয়টি বন্ধ রয়েছে।
আজকের বৈঠকে বিশ্ববিদ্যালয়ে জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় কর্মরত ২৯ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

জবি সংবাদদাতা