মিষ্টির প্রেম সোহম
আজ ১০ জুন থেকে থাইল্যান্ডে শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের নায়ক সোহম আর বাংলাদেশের নায়িকা মিষ্টি জান্নাতের নতুন ‘আমার প্রেম তুমি’ ছবির শুটিং। শুটিংয়ের জন্য গত সোমবার ঢাকা ছাড়েন নবাগত নায়িকা মিষ্টি জান্নাত।
বেশ কয়েক দিন ধরেই এই ছবির শুটিংয়ের জন্য অপেক্ষা ছিল। কিন্তু সোহম অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় সময় দিতে পারছিলেন না। অবশেষে টানা এক সপ্তাহের শিডিউল পেয়ে আজ থেকে পুরোদমে ছবির শুটিং শুরু হচ্ছে।
এ প্রসঙ্গে নায়িকা মিষ্টি বলেন, “বেশ কিছুদিন ধরেই সোহমের সঙ্গে ‘আমার প্রেম তুমি’ ছবিতে কাজ করার বিষয়ে আলাপ-আলোচনা চলছিল। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ের জন্য তিনি ডেট দিয়েছেন। সজল আহমেদ পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হয়েছে আজ বুধবার থেকে। ছবির গল্পটা খুব সুন্দর। আশা করি, সবার খুব ভালো লাগবে।”
সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং চলবে ১৬ জুন পর্যন্ত। ব্যাংককের বিভিন্ন লোকেশনে শুটিং হবে। দ্বিতীয় পর্যায়ের শুটিং হবে কলকাতার বিভিন্ন লোকেশনে। তবে এখনো তার দিন-তারিখ ঠিক হয়নি।
নির্মাতা সূত্রে জানা গেছে, এ সিনেমার নাম প্রথমে ঠিক করা হয় ‘ভালোবেসে ছুঁয়ে দিলাম’। পরে তা পরিবর্তন করে রাখা হয় ‘আমার প্রেম তুমি’।
‘বোঝে না সে বোঝে না’, ‘বাঙালি বাবু ইংলিশ মেম’, ‘লাভেরিয়া’, ‘প্রেম আমার’, ‘অমানুষ’সহ জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন সোহম। এদিকে, মিষ্টি জান্নাত ২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এর পর জান্নাত অভিনীত ‘চিনি বিবি’ ছবিটি মুক্তি পায় কিছুদিন আগে।

মাজহার বাবু