শাহরুখের সঙ্গে সময় কাটালেন আমির
সম্প্রতি বাঁ কাঁধে সামান্য অস্ত্রোপচার করতে হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের। এরপর খানিকটা সুস্থ হয়েই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি আপ করেন তিনি। আর এ ছবিতে দেখা যায়, তাঁর পাশে দাঁড়িয়ে আছেন আরেক খান—আমির খান।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, সেরে ওঠা উপলক্ষে নিজের বাড়ি মান্নাতে শাহরুখ খান আয়োজন করেন একটি ছোট ‘গেট টুগেদারের’, সেখানে আমির খান ছাড়াও নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রিড হেস্টিংস উপস্থিত ছিলেন। ভক্তদের জন্য সুখবর এই যে, ওই দিন এ দুই খান একসঙ্গে অনেকক্ষণ ছিলেন। তাহলে কি দুজনকে একসঙ্গে দেখা যাবে? কোন ছবিতে?
এসব প্রশ্নের উত্তর না মিললেও এ দুই খানের মধ্যে যে পেশাদারিত্বের বাইরে নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে, সেটাই বা কম কি ভক্তদের জন্য? এদিকে নেটফ্লিক্সের রিডের সঙ্গে শাহরুখের সম্পর্ক গাঢ় হয় গত বছর। শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট তখন নেটফ্লিক্সের সঙ্গে একীভূত হয়।

কিছুদিন আগেই শাহরুখের ‘রইস’ মুক্তি পেয়েছে, সামনে তাঁকে দেখা যাবে ইমতিয়াজ আলির নতুন ছবিতে। আর আমির খানের হাতে রয়েছে ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘থাগস অব হিন্দুস্তান’ ছবি। শাহরুখ ও আমির অবশ্য একটি টেলিভিশন চ্যানেলের টক শোর প্রচারে একসঙ্গে কাজ করছেন।

মেহেদী নোভেল