প্রভাসের সঙ্গে অভিনয়ে আগ্রহী আলিয়া
বলিউডের মিষ্টি মেয়ে হিসেবে পরিচিত আলিয়া ভাট। খুব বেশি দিন হয়নি বলিউডে পথচলা শুরু হয়েছে। হাতে গোনা কয়েকটি ছবি করলেও পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। বিশেষ করে তরুণদের কাছে তিনি সর্বাধিক জনপ্রিয়। সম্প্রতি এই টিনশেল তারকা বাহুবলি তারকা প্রভাসের বিপরীতে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। এমন খবর জানিয়েছে এনডিটিভি।
আলিয়া সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। টুইটারে মাঝেমধ্যে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তিনি। সেখানে এক ভক্ত আলিয়াকে ‘বাহুবলি-২’ সম্পর্কে জানতে চাইলে আলিয়া বলেন, ‘প্রশংসার জন্য নতুন শব্দ প্রয়োজন, রক ব্লাস্টার।’ এ সময় অভিনেতা প্রভাস সম্পর্কে মূল্যায়ন করতে বললে তিনি বলেন, ‘দক্ষিণের নায়ক হিসেবে প্রভাস আমার সবচেয়ে পছন্দের।’ আরো একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই আমি তাঁর সঙ্গে কাজ করতে চাই, অসাধারণ এক অভিনেতা তিনি।’
আলিয়া ভাট বলিউডে যাত্রা শুরু করেন করণ জহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে। ছবিটি তখন ব্যবসায়িক সফলতা পায়। শিগগিরই আলিয়াকে অয়ন মুখার্জির নতুন ছবি ‘ড্রাগন’-এ দেখা যাবে। ছবিটিতে তাঁর বিপরীতে আছেন রণবীর কাপুর।

ফিচার ডেস্ক