জন্মদিন
ক্যাটরিনাকে নিয়ে সাগরতীরে রণবীর
আজ বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন। ৩২ বছরে পা রাখলেন হংকংয়ে জন্মগ্রহণকারী ভারতের এই লাস্যময়ী অভিনেত্রী। বেশ কয়েকদিন ধরেই ক্যাটরিনার জন্মদিন উৎযাপন নিয়ে পরিকল্পনা করছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তবে ঠিক কোথায় জন্মদিন উৎযাপন করবেন তা সঠিকভাবে জানা যায়নি। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেল, আজ সব ব্যস্ততাকে একেবারেই ছুটি দিয়ে এই জুটি পাড়ি জমাবেন সাগর তীরবর্তী কোনো জায়গায়। সঙ্গে থাকবেন রণবীরের সবচেয়ে কাছের বন্ধু নির্মাতা অয়ন মুখার্জি, অর্জুন কাপুর ও কারণ জোহর।
বর্তমানে অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুস’ ছবির শুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন রণবীর-ক্যাটরিনা। শত ব্যস্ততার মাঝেও আজকে প্রেমিকার জন্মদিনকে বিশেষ করতে ব্যস্ত রণবীর কাপুর। জানা গেছে, আগামী ১৮ জুলাই মুম্বাইয়ে ফিরবে এই জুটি।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন রণবীর-ক্যাটরিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসবেন বলিউডের এই দুই তারকা।
ক্যাটরিনা ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে আসেন। এরপর একজন জনপ্রিয় মডেল হিসেবে এই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন। ২০০৫ সালে সালমানের বিপরীতে ‘মেয়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমার মাধ্যমে লাইমলাইটে আসেন ক্যাটরিনা। এরপর ‘নামাস্তে লন্ডন’, ‘নিউইয়র্ক’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মেলেঙ্গি দোবারা’, ‘মেরি ব্রাদার কি দুলহান’, ‘এক থা টাইগার’, ‘ধুম ৩’-এর মতো ব্যবসাসফল সিনেমা তাঁর সাফল্যের ঝুড়িতে জমা হয়।

জান্নাতুল এ্যানি